বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় আটকের পর প্রায় ৮ মাসের কারাভোগ শেষে ভারতীয় এক নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৭ মার্চ) চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রায় ৮ মাস আগে ভারতের উত্তর ২৪ পরগোনার বনগাঁও থানার সিনগাইর গ্রামের শ্রী বিশ্বনাথ রায়ের কন্যা শ্রীমতি ফালগুনি রায় (২৯) অবৈধ পথে ঝিনাইদহ জেলার মহেষপুর থানা এলাকায় প্রবেশ করেন। পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। সর্বশেষ তাকে আদালতে সোপর্দ করা হলে তাকে ৮ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ৮ মাসের কারাবাসের পর সর্বশেষ রোববার দর্শনা সীমান্ত দিয়ে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে হস্তান্তর করা হয়েছে। ওই নারী ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছিল।

















